নিজস্ব প্রতিনিধি:
“আমরা ঢাকাকে চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে চাই”— বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ জুলাই) রাতে সাভারের বাইপাইল মোড়ে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তাঁর অপরাধ কমবে না। বাংলাদেশের মানুষ তাঁকে ও তাঁর দল আওয়ামী লীগকে কোনো দিন ক্ষমা করবে না, এমনকি রিফাইন্ড আওয়ামী লীগকেও নয়।”
তিনি বলেন, “সাভার-আশুলিয়া গণ-অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। এখানকার জনগণের প্রতিবাদেই রাজধানীর মানুষ সাহস পেয়ে রাস্তায় নেমে আসে। শহীদ সজলকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল, দেশের বিভিন্ন জায়গায় আমাদের ভাইদের যেভাবে গুলি ও নির্যাতন করা হয়েছে, তা জাতি ভুলবে না।”
ঢাকা জেলার উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “এই জেলার পাঁচটি উপজেলা বহুদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ এখানেই গড়ে উঠতে পারে দেশের বৃহৎ শিল্পাঞ্চল। কিন্তু শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ায় আন্দোলনে নেমেছে। তারাই ছিল আমাদের গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি।”
নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন এক ঢাকা গড়তে চাই, যেখানে শ্রমিকরা সম্মানজনক জীবিকা পাবে, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করবে, থাকবে না কোনো চাঁদাবাজি বা দুর্নীতি।”
উল্লেখ্য, ১ জুলাই রংপুরের পীরগঞ্জ থেকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়। বিভিন্ন বাধা ও হামলার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তা শেষ হয় বুধবার সাভারের বাইপাইলে এই পথসভায়।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম মুখ্য সমন্বয়ক মেহরাব সিফাত, কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক রাসেল আহমেদ প্রমুখ।