ঢালিউড সুপারস্টারখ্যাত শাকিব খানের জন্মদিন আজ। ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দিনটিকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস বরাবরই উৎসবের মতো।
তবে এবারের জন্মদিনে একটু ভিন্ন রূপে ধরা দিয়েছেন শাকিব খান। তিনি নিজেই চমকে দিলেন ভক্তদের।
শনিবার (২৮ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই নেটদুনিয়ায় রীতিমতো আলোচনার ঝড় উঠেছে।
প্রেক্ষাগৃহে ‘প্রিন্স’ সিনেমার দাপট না কাটতেই এর মধ্যেই ‘রকস্টার’ জন্ম দিলো নতুন আলোচনার। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। সিনেমাটির শুটিং চলছে মালয়েশিয়ায়।
এদিকে, অফিশিয়াল লুক প্রকাশের পর এটিই শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে স্টাইলিশ ও সেরা মেকওভার বলে মন্তব্য করছেন শাকিব ভক্তরা।