নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে গত মাসে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কমিটির সদস্যরা বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। রোববার (৫ এপ্রিল) এনএসসিতে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তবে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, তিনি কয়েকটি গুরুতর কারণে সাক্ষাৎকারে সাড়া দেননি।
প্রথমত, তিনি মনে করেন, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিসিবির ওপর মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত এই তদন্ত এখতিয়ার বহির্ভূত। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনে সব সিদ্ধান্ত পূর্বনির্ধারিত বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া, উচ্চ আদালতে বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে তদন্ত পরিচালনা করা হলে তা আদালত অবমাননার শামিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বোর্ড পরিচালকদের পরবর্তী বোর্ডে পদ পাওয়ার প্রলোভন দেখানো হয় এবং সম্মতি না থাকলে পদত্যাগের মতো চাপ প্রয়োগ করা হয়।
তিনি আরও বলেন, তদন্ত কমিটি সাক্ষাৎকারের বিষয়ে অবহিত করলে তিনি জানতে চেয়েছিলেন—বিচারাধীন বিষয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ওপর তদন্ত পরিচালনার আইনগত ভিত্তি কী। তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাননি।
শেষ পর্যন্ত তিনি উল্লেখ করেন, তিনি কোনোভাবেই নিয়মবহির্ভূত বা আদালত অবমাননার অংশ হতে চাননি। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেননি।