জাতীয় সংসদে উপস্থিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (০৫ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের মেঘনা গ্যালারিতে যান।
সেখানে তিনি উপস্থিত প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন।
সারাদেশ থেকে আসা ২৬ জন শহীদ পরিবারের সদস্য এবং ৩০ জনেরও বেশি আহত যোদ্ধা এদিন সংসদ গ্যালারিতে উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সবার কথা শোনেন। এ সময় আবেগাপ্লুত হয়ে কয়েকজন প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লে তিনি তাদের মাথায় ও কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।