নিজস্ব প্রতিনিধিঃ
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (৫ এপ্রিল) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে পার্বত্য এলাকার সরকারি এবং বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠী তাদের নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের অন্যান্য স্থানে ওই সম্প্রদায়ের জন্য চৈত্র সংক্রান্তি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে। এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সহায়ক পরিবেশ তৈরি হবে।
সরকারি সূত্রের খবর, পার্বত্য অঞ্চলের এই সাধারণ ছুটি স্থানীয় পর্যায়ে উৎসব ও সামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে এবং পার্বত্য জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখার অংশ হবে।