নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেলের অভাবে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার যমুনা মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এই অবরোধের ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল চালক ফিলিং স্টেশনটিতে জ্বালানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও স্টেশনটি বন্ধ থাকায় অপেক্ষমাণ চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ গড়ে তোলেন।
অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। গুরুত্বপূর্ণ এই সড়কে হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, জ্বালানি তেল না পাওয়ায় মোটরসাইকেল চালকরা সাময়িকভাবে সড়ক অবরোধ করেছিলেন। পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয় এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।