দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, বেকা উপত্যকার শমেস্তার গ্রামের একটি কবরস্থানে এই হামলা চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজে অংশ নেওয়া মানুষের ওপর চালানো এই হামলায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে বর্তমানে উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মীরা কাজ করছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।
এর আগে দেশটির উপকূলীয় শহর আদলুনে ইসরায়েলি বিমান হামলায় তিন মেয়ে নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
যদিও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে।
এদিকে ইরানের ওপর পূর্বঘোষিত বড় ধরনের ‘বোমাবর্ষণ ও হামলা’ অন্তত দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি কঠোর শর্ত জুড়ে দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে, যখন ইরান অবিলম্বে ‘সম্পূর্ণ এবং নিরাপদভাবে’ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। সূত্র: কালের কণ্ঠ