নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।
রায় ঘোষণার পর এজলাস কক্ষে চরম উত্তেজনা দেখা দেয়। দণ্ডপ্রাপ্ত আমির হোসেন চিৎকার করে বলেন, “এই রায় আমি মানি না, আমি সরকারের গোলাম। জয় বাংলা।” এসময় তিনি আদালত চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন।
এ মামলায় আরও চারজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশিদ ও শিক্ষক মশিউর রহমান এবং আসাদুজ্জামান মণ্ডলকে ১০ বছরের সশরীর কারাদণ্ড দেওয়া হলেও তারা বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণ অনুযায়ী, মোট ৩০ জন আসামির মধ্যে ছয়জন কারাগারে থাকলেও বাকি ২৪ জন পলাতক। এদিন সকালেই কড়া নিরাপত্তার মধ্যে ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন।
শহীদ আবু সাঈদ হত্যার এই রায়কে সংশ্লিষ্টরা জুলাই বিপ্লবের ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।