আন্তর্জাতিক ডেস্কঃ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে উভয় পক্ষকে আন্তরিকতা ও সৎ উদ্দেশ্য নিয়ে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব দুই দেশকে এ কূটনৈতিক সুযোগ কাজে লাগিয়ে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে অগ্রসর হওয়ার অনুরোধ জানিয়েছেন, যাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস পায়।
তিনি আরও জানান, সংঘাত এড়ানো এবং পুনরায় যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার ঝুঁকি প্রতিরোধে সংলাপই একমাত্র কার্যকর পথ। এ ক্ষেত্রে শান্তিপূর্ণ আলোচনার কোনো বিকল্প নেই।
মহাসচিবের মতে, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ সমাধানই সর্বোত্তম পথ, যা অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী হতে হবে।
এছাড়া জানানো হয়েছে, মহাসচিবের ব্যক্তিগত দূত বর্তমানে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছেন, যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কার্যকরভাবে সহায়তা করা যায়।