আজিজ আহমেদ, স্টাফ রিপোর্টার :
ভোক্তা অধিকার সংরক্ষণে নোয়াখালী জেলায় নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে কনশাস কনজ্যুমার্স সোসাইটি নোয়াখালী জেলা কমিটি।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সামনে সিসিএস নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ওমর ফারুক খালেদের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ফোরকানুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী জেলায় একজন কম্পিউটার অপারেটর দিয়ে কার্যক্রম চলছে। ভোক্তা অধিদপ্তরে নিয়মিত কর্মকর্তা না থাকায় বাজার তদারকি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে ভোক্তারা প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্যের বিস্তার এবং অনিয়ন্ত্রিত বাজার পরিস্থিতির কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
বক্তারা আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হলে নোয়াখালীতে জরুরি ভিত্তিতে নিয়মিত কর্মকর্তা ও পর্যাপ্ত জনবল নিয়োগ দিতে হবে। অন্যথায় অসাধু ব্যবসায়ী ও বাজার সিন্ডিকেট আরও সক্রিয় হয়ে উঠবে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়বে।
তারা দ্রুত একজন স্থায়ী ভোক্তা অধিকার পরিচালক নিয়োগ, নিয়মিত বাজার মনিটরিং জোরদার এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম কার্যকর করার দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বাণিজ্য মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।