দীর্ঘ এক দশক পর জম্মু–কাশ্মীর বিধানসভার ভোট হতে চলেছে। কিন্তু নির্বাচন শুরুর মাত্র এক সপ্তাহ আগে আবারও উত্তপ্ত হয়ে উঠলো ভারতের কেন্দ্রশাসিত এ অঞ্চল। বুধবার কাঠুয়া এবং উধমপুর জেলার সীমানায় সেনা এবং পুলিশের যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মীরভিত্তিক সংগঠন জইশ-ই-মুহাম্মদের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সেনা সূত্রের বরাতে দেশটির গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর ১ প্যারাকমান্ডো ইউনিট, ২২ গঢ়ওয়াল রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর অফিসার এবং জওয়ানেরা এই অভিযানে অংশ নেয়।
ভারতের দাবি, দেশটির নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই এলাকায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে হঠাৎ গোলাগুলি শুরু করে পাকিস্তানের সেনারা। পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনীও। এসময় আখনুর সেক্টরের কানাচক এলাকায় পাকিস্তান থেকে ছোড়া গুলিতে বিএসএফের এক জওয়ান আহত হন। পাকিস্তানের গোলাবর্ষণের আড়ালেই জইশ-ই-মুহাম্মদের সদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে।
প্রতিবেদনে বলা হয়, পাহাড় এবং ঘন জঙ্গলে ঢাকা ওই এলাকা ঘিরে ফেলে বুধবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনা ও পুলিশের যৌথবাহিনী। উধমপুর জেলার সীমানা লাগোয়া কাঠুয়ার বসন্তপুরে কয়েকজন জইশ সদস্যদের উপস্থিতি চিহ্নিত হওয়ার পর শুরু হয় অভিযান। এ অভিযানে তিন জইশ সদস্য নিহত হয়েছে বলে দাবি ভারতের।
এ বিষয়ে পাকিস্তান এবং জইশ-ই-মুহাম্মদের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি আসেনি।
জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন শুরু হবে চলতি মাসেই। সেখানকার ৯০টি আসনে আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর তিন দফায় ভোটগ্রহণ হবে। ভোট গণনা ৮ অক্টোবর।
১০ বছর পর বিধানসভা নির্বাচন হতে চলেছে এ উপত্যকায়। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পরিকল্পিতভাবে এ ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে বলে দাবি ভারতীয় পুলিশের।