ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ায় সেনা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। সোমবার এ দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) দাবি করে, পিয়ংইয়ং তার মিত্র দেশ রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার জন্য দেড় হাজার সেনা পাঠিয়েছে।
এনআইএস বলছে, উত্তর কোরিয়ার সেনারা এরইমধ্যে রাশিয়ায় পৌঁছেছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। এসব সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থাকবে।
এ প্রসঙ্গে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি সাধারণ পরিষদের একটি কমিটির বৈঠকে বলেছেন, রাশিয়ার সাথে তথাকথিত সামরিক সহযোগিতার বিষয়ে এই ধরনের ভিত্তিহীন গৎবাঁধা গুজবের বিষয়ে মন্তব্য করার প্রয়োজন বোধ করে না উত্তর কোরিয়া।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, উত্তর কোরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বৈধ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে ক্ষুণ্ন করার উদ্দেশে দক্ষিণ কোরিয়া এসব দাবি করছে।
উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকেই মস্কোর সাথে মিত্রতা রক্ষা করে আসছে দেশটি। সবশেষ ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করেছে রাশিয়া-উত্তর কোরিয়া।
এদিকে সিউল এবং ওয়াশিংটন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে কিম জং উন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। যা বরাবর অস্বীকার করে আসছে কিম প্রশাসন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তথাকথিত সেনা মোতায়েনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।