দলে পছন্দের ক্রিকেটারদের ভেড়ানোর পর এবার কোচ নিয়োগে ব্যস্ত সময় পার করছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সম্প্রতি মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা ঢাকা ক্যাপিটালসও রংপুরের মতো বিদেশি কোচের সন্ধ্যানেই ছিল।
তবে শেষ মূহুর্তে বিদেশি কোচ নিয়োগ দেয়া থেকে সরে দাঁড়িয়েছে তারা। বিপিএলের আসন্ন আসরে ঢাকা ক্যাপিট্যালসের প্রধান কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সুজন কোচ হিসেবে বাংলাদেশের ক্রিকেটে বেশ চিরচেনা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানো বাংলাদেশের সাবেক ক্রিকেটার বিপিএলেও কাজ করেছেন বিভিন্ন দলের হয়ে। ২০১৬ সালে তার অধীনে প্রথমবার শিরোপা ঘরে তুলেছিল ঢাকা ডায়নামাইটস। পরবর্তীতে অবশ্য বিপিএলে শিরোপা জেতা হয়নি সুজনের।
বিপিএলে বিভিন্ন সময়ে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও দুর্দান্ত ঢাকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অবশ্য আবাহনীর হয়ে বেশ কয়েকটি শিরোপা জেতার কীর্তি আছে তার। বাংলাদেশ জাতীয় দলেও কাজ করেছেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে। ২০১৯ সালে সুজনের অধীনে শ্রীলঙ্কা সফরে খেলেছিল বাংলাদেশ।
ঢাকা ক্যাপিট্যালস স্কোয়াড : লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি, রিয়াজ হাসান, চতুরঙ্গা ডি সিলভা, জাহর খান, ফারমানউল্লাহ সাফি, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।