আজ ৩১শে অক্টোবর সকাল ১১টায় অপসোনিন গ্রুপের মালিকানাধীন গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানি থেকে বেআইনীভাবে আড়াইশ শ্রমিক ছাঁটাই এর প্রতিবাদে বরিশালের অশ্বিনী কুমার হলচত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে সভাপতিত্ব করেন বক্তব্য দেন গ্লোবাল হেভি কেমিক্যালস এর সিনিয়র ইলেকট্রিশিয়ান মোঃ নাসির শেখ। বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডাঃ মনিষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর দপ্তর সম্পাদক মোঃ শহিদুল হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন(রেজি: নং খুলনা ২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা- ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলার সংগঠক মোঃ রমজান আকন, অপসোনিন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোঃ রিয়াজুল ইসলাম রানা, গ্লোবাল হেভি কেমিক্যালস এর পক্ষে বক্তব্য রাখেন মোঃ নাসির শেখ মোঃ তোফাজ্জেল হোসেন খাঁন (গ্লোম্ববার) হাবিবুর রহমান (প্রোসেস অপরেটর) মোঃ সুজন মোল্লা ( ব্লিডিং অপরেটর) শামিম সর্দার ( ইলেকট্রিক্যাল) রিপন (প্রসেস অপারেটর) আনোয়ার প্রমুখ।
বক্তারা বলেন, গত ২০ অক্টোবর তারিখে বিনা নোটিশে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড মালিক কর্তৃপক্ষ হঠাৎ আড়াইশত শ্রমিককে বে আইনীভাবে ছাঁটাই ঘোষণা করে এবং একটি সাদা কাগজে সই রেখে কয়েক মাসের বেতন দিয়ে তাদের বিদায় করে দেয়। এই শ্রমিকরা দীর্ঘদিন এখানে চাকুরি করার পর ও কোম্পানির কাছ থেকে শ্রম আইন অনুযায়ী কোন গ্রাচুইটি, ছুটিভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট কিছুই পায়নি।
বক্তারা বলেন এই শ্রমিকদের মধ্যে অনেকেই আছেন যারা এই কোম্পানির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত অর্থাৎ ২০ বছরের অধিক সময় ধরে এই কোম্পানিতে চাকুরি করে আসছেন। ঢাকার কেরানিগঞ্জে এই কোম্পানিতে চাকুরি দেয়ার জন্য এদের সবাইকে বরিশাল থেকে এখানে নিয়োগ দেয়া হয়েছিল। বিষাক্ত ক্লোরিন গ্যাস, কস্টিক সোডা, হাইড্রোক্লোরিক এসিডসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ গ্যাস ও তরল এখানে প্রস্তুত করা হত যা তৈরি করতে গিয়ে তাদের অনেককেই দীর্ঘ চাকুরিজীবনে ছোটবড় দুর্ঘটনার শিকার হতে হয়েছে। তবুও এই কোম্পানি এতদিন পর যেভাবে শ্রমিকদের চাকুরিচ্যুত করেছে তা শুধু অমানবিক নয়, বেআইনী ও।
বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে শ্রমিকের সাথে এই বৈষম্য মেনে নেয়া যায়না। বক্তারা অবিলম্বে গ্লোবাল হেভি কেমিক্যালস কোম্পানির এই শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান। অন্যথায় এই শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী যাবতীয় পাওনাদি পরিশোধ করে দেয়ার দাবি জানান।