করোনাকালে হল মালিকরা যখন দর্শক অভাবে ভুগছিলেন তখন ৩৭০ কোটির বেশি ব্যবসা করে ভারতীয় সিনেবাজার চাঙ্গা করেছিল ‘পুষ্পা’। জমিয়ে তুলেছিল সিনে ইন্ডাস্ট্রি। এরপর সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে যে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক।
এবার ‘পুষ্পা ২’ মুক্তির আগেই ১০০০ কোটির ‘ব্লকবাস্টার’ ব্যবসা হাঁকিয়েছে চন্দন দস্যু। আর এই বিগ বাজেট সিনেমাতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন যে মোটা অঙ্কের টাকা নিয়েছেন, তাতে তিন-তিনটা বলিউড সিনেমা হয়ে যায়। বলতে গেলে বলিউডের তিন খানকেও পারিশ্রমিকে পেছনে ফেলে দিলেন এই অভিনেতা।
‘পুষ্পা ২’র দৌলতে কত কোটি টাকা ঢুকল আল্লু অর্জুনের পকেটে? শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’ ছবির জন্য নাকি ভারতীয় সিনেদুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সুপারস্টার হয়ে উঠেছেন আল্লু। আর সেই গুঞ্জন যদি সত্যি বলে ধরে নিলে, এই সিনেমায় অভিনয় করার জন্য দক্ষিণী তারকা ৩০০ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন। যেখানে তার তুলনায় ছবির আরও দুই মুখ্য চরিত্রের পারিশ্রমিক নস্যি!
রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল ‘পুষ্পা ২’র অন্যতম দুই মুখ্য ভূমিকায়। ছবিতে পুলিশ অফিসার ফাহাদের সঙ্গে সম্মুখ সমরে দেখা যাবে চন্দনদস্যু আল্লুকে। তারা কত পারিশ্রমিক পেলেন?
সূত্রের খবর, রাশমিকা ‘পুষ্পা ২’র জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে সিক্যুয়েলে অভিনয় করে ফাহাদ ফাসিল পেয়েছেন ৮ কোটি।
প্রসঙ্গত, আল্লু অর্জুন একাই যে পারিশ্রমিক নিয়েছেন এই ছবির জন্য় সেখানে বলিউডের খানসাম্রাজ্যও তার ধারেকাছে নেই। শাহরুখ অবশ্য অন্য পথে হাঁটেন। সিনেমার মোট ব্যবসা এবং লাভের অংশীদারিত্বে থাকেন তিনি। অন্যদিকে সালমান খান পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্ক হাঁকালেও আল্লু অর্জুনের মার্জিন এখনও ছুঁতে পারেননি।
আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে।