পেন্ডুলামের মতো দুলছে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। আট জাতির টুর্নামেন্টটি আগামী বছর মাঠে গড়াচ্ছে তা নিশ্চিত। তবে সেটি কি পাকিস্তানে নাকি অন্য কোথাও, তা নিয়েই ধোঁয়াশা। ভারত সরকার চায় না রোহিত শর্মারা পাকিস্তানে গিয়ে খেলুক। ভারতের বোর্ড আইসিসির মাধ্যমে তাই হাইব্রিড মডেলের একটি প্রস্তাবও দিয়েছে। কিন্তু পাকিস্তান সেটি মানতে নারাজ। পিসিবি চাচ্ছে, পুরো টুর্নামেন্ট নিজেদের মাঠে আয়োজন করতে। তারা আইসিসিকে প্রচ্ছন্ন হুমকিও ছুড়ে রেখেছে। যদি ভারত তাদের দেশে না আসে, তবে তারা টুর্নামেন্ট আয়োজনই করবে না।
ভারতীয় গণমাধ্যম স্পোর্টস তাক জানিয়েছে, পাকিস্তান যদি শেষমেশ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে না চায় এবং তারা যদি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছেড়ে দেয়। তবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে পারে এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।
মোটকথা, ভারতের আপত্তিতে পাকিস্তানের মাটিতে আসরটি গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও পাকিস্তান এবার ছাড় দিতে রাজি নয়। তারা যেকোনো মূল্যে দেশের মাটিতেই আয়োজন করতে চায় টুর্নামেন্টটি। দেশের মাটিতে পুরো টুর্নামেন্ট আয়োজন করতে না পারলে বয়কটের হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান।
ভারতীয় দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়ার পরেই আইসিসি লাহোরে টুর্নামেন্টের সূচি ঘোষণার অনুষ্ঠান বাতিল করে। সাধারণত ১০০ দিন আগে আইসিসি ইভেন্টের সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রে এখনও নিশ্চিত নয় টুর্নামেন্ট কোথায় আয়োজিত হবে। হাইব্রিড মডেলে (দুই দেশে) চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তাবে সবার আগে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। পিসিবিও রয়েছে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়।