২০২২ বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই আর্জেন্টিনার দক্ষিণ এশিয়া সফর নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বিশ্বকাপের সময় ও এর পরে আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের উন্মাদনার কথা জানতে পেরেছিলেন মেসিরা।
এরপর বাংলাদেশে লিওনেল মেসিরা আসবেন বলে জোর গুঞ্জন তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। কিন্তু বাংলাদেশে না এলেও এবার ভারত সফর করতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনা ফুটবল দলের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। ২০২৫ সালে দুইটি ম্যাচের জন্য ভারত সফরে আসবে আর্জেন্টিনা- এমনটাই জানিয়েছেন এই মন্ত্রী।
আজ বুধবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ভি আবদুরাহিমান আর্জেন্টিনার সফর নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, ২০২৫ সালে কেরালায় ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা। সেই দলে থাকবেন লিওনেল মেসিও। আর্জেন্টিনা সরকার এবং দেশটির ফুটবল সংস্থার (এএফএ) সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই সফরের সব খরচ বহন করবে কেরালার রাজ্য সরকার।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে দুই ম্যাচের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে কেরেলার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান, ‘আর্জেন্টিনা বিশ্বের সেরা দল, কেরেলা গোল্ড ও সিলভার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং অন্যান্য মার্চেন্ট সংস্থার আর্থিক সহায়তায় আগামী বছর ওদের(আর্জেন্টিনা) নিয়ে দুইটি ম্যাচ আয়োজন করা হবে। সরকার ম্যাচগুলো আয়োজন করবে। আশা করছি মেসিও দলের সঙ্গে আসবেন।‘
কেরেলার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান আনুষ্ঠানিকভাবে সূচি কখন ঘোষণা করা হবে তা জানিয়ে বলেন, ‘এএফএ (আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন) থেকে একটি প্রতিনিধি দল ৪৫ দিনের মধ্যে কেরেলা সফরে আসবে এবং আমরা তখন এক সঙ্গে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ঘোষণা দেব। এএফএ ম্যাচের সময় এবং প্রতিপক্ষের নাম ঘোষণা করবে। ওরা ( এএফএ) বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে একটি বেছে নেবে যেখানে ৫০ হাজার দর্শক খেলা দেখতে পারবে।‘
আর্জেন্টিনার আসন্ন এই সফর দিয়ে দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। এর আগে ২০১১ সালের ২ সেপ্টেম্বর, প্রথমবার ভারতের মাটিতে খেলতে নামেন মেসি। ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।