মো: আল আমিন হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ধাওয়া করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় মো. রাহাত নামের এক ছাত্র আহত হন। শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোড এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মেহেদী (২১) ও সাহাদাত (২২)।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক আকাশ ঘোষ জানান, টঙ্গীতে ছিনতাই বেড়ে যাওয়ায় তা প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার সদস্যরা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একসঙ্গে কাজ শুরু করে। তার অংশ হিসেবে শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকায় টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা পুলিশের সঙ্গে টহলে অংশ নেয় ছাত্ররা। টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোড এলাকায় উপস্থিত থাকা অবস্থায় রাত ২টা ৪০ মিনিটে দেশীয় অস্ত্রসহ ৩টা মোটরসাইকেলে ৯ জন ছিনতাইকারীকে দেখে দাঁড়ানোর জন্য পুলিশের সঙ্গে আমরা সিগন্যাল দেই। এ সময় ছিনতাইকারীরা সিগন্যাল অমান্য করে মো. রাহাত নামে আমাদের এক সদস্যের ওপর দ্রুতগতিরমোটরসাইকেল উঠিয়ে দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ এবং আমাদের সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া দিলে আরও ২টি মোটরসাইকেল যোগে ৫ জন ছিনতাইকারী আমাদের ওপর হামলা করতে আসে। এ সময় আমরা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ সময় ২টি মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারীকে আটক করা হয়। পরবর্তীতে আহত রাহাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রাহাত হাসপাতালে চিকিৎসাধীন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।