ঢালিউড, টালিউড ছাড়িয়ে এবার হলিউড সিনেমায় নাম লেখাতে চলেছেন মেগাস্টার শাকিব খান।
ক্রাইম-থ্রিলারধর্মী হলিউডের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে হলিউডে অভিষেক হতে চলেছে ‘ঢালিউড কিং’ খ্যাত অভিনেতার।
সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর। হলিউড সিনেমায় কাজ করবেন ঢাকাই মেগাস্টার শাকিব খান, এমনটা শোনা গিয়েছিল আগেই। সামাজিক মাধ্যমেও ভেসে বেরিয়েছে এমন খবর।
হলিউডে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ হয়েছে আসিফের হাতে। সেই নির্মাতাই এবার মুখ খুললেন তার আসন্ন সিনেমা ও শাকিব খান প্রসঙ্গে।
সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নির্মাতা জানান, এই মুহূর্তে চলছে তার নতুন সিনেমার পাণ্ডুলিপির কাজ।
আর সেখানেই অভিনয়শিল্পী হিসেবে বেছে নিয়েছেন শাকিব খানকে।
শুধু তাই নয়, শাকিব খানের সঙ্গে আসন্ন সেই সিনেমায় দেখা মিলবে দুই নায়িকাকেও-এমনটাই জানিয়েছেন এই নির্মাতা। তাদের মধ্যে একজন থাকবেন বাংলাদেশী ও আরেকজন হলিউডের। এছাড়াও খলনায়কও থাকবেন হলিউডের এক পরিচিত মুখ।
জানা গেছে, আগামী মাসের শুরুর দিকে শাকিব খান আমেরিকা গেলে চূড়ান্ত হবে সব কিছু। গ্লোবাল ক্রাইম থ্রিলার হতে যাচ্ছে সিনেমাটি।
সব ঠিক থাকলে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খান-আসিক আকবরের প্রথম এই হলিউড সিনেমাটি।