নিজস্ব প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক-অভিভাবকরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে নওগাঁর সাপাহারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনে উপজেলার সকল বেসরকারি স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও পরিচালকরা অংশ নেন। তারা ‘শিশুর অধিকার, শিক্ষা আমাদের অগ্রাধিকার’, ‘বৃত্তি পরীক্ষায় বৈষম্য চলবে না’ এমন নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইমাম আযম একাডেমির পরিচালক কাওসার বলেন, ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। ফলে সাপাহারে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এই সিদ্ধান্তের কারণে বঞ্চনার শিকার হবে।
সহ-সভাপতি শামসুল হক (পরিচালক, আল ফালাহ একাডেমি) বলেন, কোমলমতি শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত করা রীতিমতো মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলেন, “সকল শিশু সমান, তাদের মধ্যে বৈষম্য করে ভবিষ্যৎ গড়া যায় না।”
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক মিলন তার বক্তব্যে বলেন, “১৯৭২ সালের জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের প্রতিবাদে, অথচ আজও শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। এটি জাতির ভবিষ্যতের জন্য অশনি সংকেত।”
নেতৃবৃন্দ অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধন শেষে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। এতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।