নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শাহীন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহীন রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের দলনেতা সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে শাহীন তার তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেলযোগে মুড়াপাড়ায় ঘুরতে আসেন। পরে তারা মুড়াপাড়া সরকারি কলেজের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতরে যাওয়ার সময় শাহীন পানিতে ডুবে যান এবং নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। দুপুর ১২টা ৪৫ মিনিটে পুকুরের তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।