নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ এক যুগ ধরে জটিল সব রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামের আব্দুল কুদ্দুস (৫৭)। একসময় পৈত্রিক জমিতে চাষ করে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সাদামাটা জীবন কাটাতেন। কিন্তু ডায়াবেটিস, হার্ট, কিডনি, ফুসফুস ও চোখের গুরুতর অসুস্থতা তাকে ক্রমেই নিঃস্ব ও অসহায় করে তুলেছে।
প্রথমে ধরা পড়ে ডায়াবেটিস ও হার্টের সমস্যা। এরপর একে একে বিকল হয়ে পড়ে কিডনি, ফুসফুস ও দৃষ্টিশক্তি। বর্তমানে তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে। সপ্তাহে তিনদিন ডায়ালাইসিসের ওপর নির্ভর করেই চলছে তার জীবন। একইসঙ্গে চরম জটিলতা দেখা দিয়েছে চোখেও।
চিকিৎসা চলেছে খুলনার গাজী মেডিকেল, যশোরের ইবনে-সিনা, কিংস হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন কিংস হাসপাতালের ডাঃ শফিকুর রহমান, ইবনে-সিনা হাসপাতালের ডাঃ শরিফুল ইসলাম ও যশোর আই অ্যান্ড লেজার সেন্টারের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মনিরুজ্জামানের তত্ত্বাবধানে। এছাড়া যশোরের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে।
সবশেষে পরিবারের শেষ সম্বলটুকুও চিকিৎসায় ব্যয় হয়েছে। জমিজমা বিক্রি করে এখন নিঃস্ব আব্দুল কুদ্দুস বাঁচার আশায় সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, “স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই। একটু সাহায্য পেলে হয়তো আবার বাঁচার স্বপ্ন দেখতে পারি।”
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭৭২-৮৬৭০২৩ (পার্সোনাল)