নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার চান্দিনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী মো. মোস্তফা (৩০) গ্রেপ্তার হয়েছেন। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার ৬৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫২ লাখ ৮৮ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়ায় মোস্তফার নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মোস্তফা দীর্ঘদিন ধরে চান্দিনাসহ আশপাশের এলাকায় ইয়াবা ও বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করে আসছিলেন। অল্প সময়েই তিনি কোটিপতিতে পরিণত হন। তার অধীনে রয়েছে অর্ধশতাধিক খুচরা বিক্রেতা, যারা পাড়া-মহল্লায় ঘুরে মাদক বিক্রি করেন। তার বিরুদ্ধে মুখ খুললে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
সেনাবাহিনীর গোপন গোয়েন্দা নজরদারিতে বিষয়টি ধরা পড়লে শুরু হয় নজরদারি। সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে নজরদারির পর বুধবার রাতে অভিযান চালিয়ে মোস্তফাকে ইয়াবা ও বিপুল পরিমাণ অর্থসহ গ্রেপ্তার করা হয়। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।