নিজস্ব প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও (মুসলিমপাড়া) ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, শাল্লা উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত মজুমদারের ছেলে আলমগীর (৪৩) ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মুসলিমপাড়ায় বসবাসরত বিল্লাল মিয়ার ছেলে রেজাউল করিম (২৮)।
শাল্লা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই ফুলন চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ রাতে ওই এলাকায় অভিযান চালান। অভিযানে আলমগীর ও রেজাউলের দেহ তল্লাশি করে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩৩ হাজার টাকা।
স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল করিম দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে এই অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান থাকবে।