নিজস্ব প্রতিনিধি :
টানা বৃষ্টির মধ্যে ছাতা ও প্লাস্টিকের চাদর মাথায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টা থেকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, পিরোজপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বারবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে তারা পেশাগতভাবে উপেক্ষিত ও অবহেলিত বোধ করছেন। তাই বাধ্য হয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
তারা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, স্থায়ী পদায়ন, বেতন কাঠামোয় বৈষম্য দূর, ঝুঁকিভাতা প্রদান, পদোন্নতির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, পর্যাপ্ত কর্ম-সরঞ্জাম সরবরাহ, চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ।
জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।