মোঃ শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে বাথান থেকে গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া ও গণপিটুনির পর দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যার দিকে কাজিপুর উপজেলার ঘোড়াগাছা চর এলাকা থেকে নৌকাসহ তাদের আটক করা হয়। এ সময় নৌকা থেকে জীবিত দুটি ও মৃত একটি গরু উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বাধাছিরা গ্রামের মফিজ উদ্দিনের পুত্র ফারুক (৪০) ও সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া গ্রামের মঞ্জিলের পুত্র বিক্রম (৪০)। গণপিটুনিতে আহত অবস্থায় তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজিপুর থানা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মন্টু মিয়া জানান, “বগুড়ার সারিয়াকান্দি চরের একাধিক বাথান মালিকের সঙ্গে আমার পরিচয় আছে। তারা ফোন করে গরু চুরির বিষয়টি জানান। আমি তাৎক্ষণিকভাবে ঘাট এলাকার লোকজনকে সতর্ক করি। বিকেল সাড়ে তিনটার দিকে ঘোড়াগাছা চরে গরুসহ একটি সন্দেহজনক নৌকা দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়। চোররা তখন পালিয়ে আমনমেহার চরের দিকে যেতে থাকে। আমি নিজেও স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যাই। তখন দেখি জনগণ দুইজনকে ধরে ফেলেছে এবং গণপিটুনি দিচ্ছে। জনতার ভাষ্যমতে, চোর দলের আরও তিনজন নৌকা থেকে ঝাঁপ দিয়ে কাইশা ক্ষেতের মধ্যে পালিয়ে যায়।”
তিনি আরও জানান, “পরবর্তীতে উদ্ধার করা গরুগুলোসহ আটককৃতদের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।”
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “৯৯৯ নম্বর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘাট এলাকাগুলোতে সতর্ক বার্তা পাঠানো হয়। আমাদের কাছে জানানো হয়, গরুগুলো বগুড়ার সারিয়াকান্দি চর এলাকা থেকে চুরি করা হয়েছে। আটক দুই চোরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত ও পলাতকদের ধরতে অভিযান চলছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।