মোঃ শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামে নার্সারিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নার্সারির মালিক মোছাঃ শিউলি বেগম অভিযোগ করেছেন, জমির মালিক মোঃ বাদশা তালুকদার ও তার সঙ্গীরা তাদের নার্সারিতে প্রবেশ করে প্রায় সাত হাজার গাছ কেটে ফেলেছে এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন।
ভুক্তভোগী মোছাঃ শিউলি বেগম জানান, সাত বছর আগে তারা বাদশা তালুকদারের কাছ থেকে প্রতিবছর সাত মন ধানের বিনিময়ে ২২ শতাংশ জমি নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন তারা ব্যবসা চালিয়ে আসলেও হঠাৎ করে জমির মালিক কোন পূর্ব সতর্কতা ছাড়াই তাদের জমি খালি করার নির্দেশ দেন। নার্সারি ব্যবসায়ী সময় চাইলেও জমির মালিক তা দিতে অস্বীকার করেন।
২০২৫ সালের ৯ আগস্ট ভোর সাড়ে ছয়টার দিকে বাদশা তালুকদার ও তার সহযোগীরা তাদের নার্সারিতে প্রবেশ করে চারা গাছসহ নার্সারির বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করে। স্থানীয়ভাবে অনেকবার সমস্যা সমাধানের চেষ্টা করেও বাদশার প্রভাবের কারণে কোনো সুষ্ঠু সমাধান হয়নি।
ভুক্তভোগী শিউলি বেগম অভিযোগ করেন, বর্তমানে তাদের প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। অন্যদিকে বাদশা তালুকদার দাবি করেন, শিউলি বেগম চুক্তি মোতাবেক ধান না দেওয়ায় জমি ছাড়তে বাধ্য হয়েছেন, তাই গাছ কাটা হয়েছে।
কাজিপুর থানা পুলিশ জানায়, অভিযোগের পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।