নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক নাবালিকা শিক্ষার্থীকে পাঁচ যুবকের দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হেডম্যানের সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মাও. আবুল কালাম আজাদ, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা, মো. এরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পৌরসভা, রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক, পিসিসিপি ঢাকা মহানগর।
সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।
বক্তারা বলেন, পাহাড়ে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়ে চলছে, অথচ অনেক সময় প্রভাবশালী মহল তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।