আন্তর্জাতিক:
নিজেদের স্বভূমিতেই হেনস্তার শিকার হচ্ছেন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকেরা। বাংলাদেশি আখ্যা দিয়ে মারধরের মতো ঘটনাও ঘটছে। বুধবার রাতে এমনই এক ঘটনা ঘটেছে কলকাতার শিয়ালদাহ ব্রিজের কাছে। বাংলায় কথা বলার কারণে দুই বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবককে বেধড়ক মারধর করেছে হিন্দিভাষী এক দোকানদার ও তার সহযোগীরা।
ভারতের গণমাধ্যমগুলো জানায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্র মোবাইল সরঞ্জামের দোকানে গেলে দর কষাকষির এক পর্যায়ে দোকানদার ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চড়াও হয়। এসময় তাদের একজনকে আটকেও রাখা হয়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হিন্দিভাষী ছিলেন।
মারধরের শিকার এক ছাত্র বলেন, “হিন্দিতে বলছে বাংলাদেশি বলব। কী করবি? এরপর আমাকে মারল, মোবাইল কেড়ে নিল।”
আরেকজন ছাত্র জানান, “আমরা প্রতিবাদ করায় আমাদের ছুরি-বন্দুক দিয়ে আঘাত করে।”
বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “শিয়ালদহ মানে কলকাতার প্রবেশদ্বার। সেখানেই যদি বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা হয়, তবে তা তদন্ত করা জরুরি।”
সিপিএম নেতা সুজন চক্রবর্তীও ঘটনাটিকে নিন্দা জানিয়ে বলেন, “আগে শুধু ভিন রাজ্যে এমনটা হত। এখন কলকাতাতেই হচ্ছে। এই পরিবেশ তৈরি করছে দিল্লিওয়ালারা।”