মানিকগঞ্জ সদর হাসপাতালে কুকুরে কামড়ানো এক কিশোর ভ্যাকসিন থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরুষ নার্স কাউসার বিশ্বাস।
সূত্র জানায়, শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টার পর দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে প্রায় ১৩–১৪ বছর বয়সী কিশোর তার দরিদ্র মা ও এক সহযোগীকে নিয়ে সদর হাসপাতালে আসে। নিয়ম মেনে পাঁচ টাকা দিয়ে টিকিট সংগ্রহের পর তারা ভ্যাকসিন নিতে গেলে নার্স কাউসার স্বজনের কাছে ৪০০ টাকা দাবি করেন। টাকা না দিলে ভ্যাকসিন নেই জানিয়ে তাদের বের করে দেন।
পরে বিষয়টি প্রেসক্লাবের মাধ্যমে জানাজানি হলে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. বদরুল আলম জানান, হাসপাতালে কুকুরের ভ্যাকসিন মজুদ রয়েছে। তিনি আরএমও’র মাধ্যমে কাউসারকে নির্দেশ দেন এবং রোগীকে পুনরায় হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে বলেন। তবে দ্বিতীয়বার গিয়েও সারাদিন বসিয়ে রেখে বিকেল চারটায় ভ্যাকসিন না দিয়েই ফেরত পাঠানো হয়।
অবশেষে সন্ধ্যায় মা–ছেলে দৌলতপুর ফিরে বাইরের ফার্মেসি থেকে ৫০০ টাকা খরচ করে ভ্যাকসিন কিনতে বাধ্য হন। স্থানীয়রা অভিযোগ করেন, প্রতিদিনই মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে টাকা দাবি ও রোগী হয়রানির অভিযোগ ওঠে।
মাসুদ রানা মানিকগঞ্জ /বাংলাদেশ নিউজ টুডে