লা লিগায় ক্যাম্প ন্যুতে জয়ের স্বাদ পেতে জিরোনার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের ১৩ মিনিটে পেদ্রির গোলে লিডে যায় স্বাগতিকরা। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি বার্সা। এরপর দুর্দান্ত কিকে গোল করে দলকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালাতে থাকে কায়ালানরা। তবে পাচ্ছিল না গোলের দেখা। তবে ম্যাচ যখন ড্রয়ের পথে তখনই ৯০ মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। বদলি হিসেবে রোনাল্ড আরাহো গোল করে জয় নিশ্চিত করেন বার্সেলোনার।
অবশ্য জার্সি খুলে উদযাপন করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে। এছাড়াও ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ দেখিয়ে লাল কার্ড দেখেছেন ফ্লিক।
মূলত, ইনজুরি টাইম চার মিনিট দেখে ফ্লিক কটুক্তি করে হাততালি বাজান। বিষয়টি ভালোভাবে নেননি রেফারি, সঙ্গে সঙ্গে দেখান হলুদ কার্ড। রেফারির এই সিদ্ধান্তে আপত্তি জানালে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ৬০ বছর বয়সী ফ্লিককে।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনা ২ : ১ জিরোনা