মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে কুমারখালী পৌরসভার হলবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন,কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পরিবর্তে আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিককে মনোনয়ন না দিলে দলটি বড় ধরনের ভরাডুবির মুখে পড়বে। লিখিত বক্তব্য পাঠ করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী নেওয়াজ টুটুল। তিনি বলেন,বিগত ১৭ বছর ধরে রুমী মাঠে নেই। তিনি একজন গণবিচ্ছিন্ন নেতা,হঠাৎ করেই মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে,নূরুল ইসলাম আনছার প্রামানিক দীর্ঘদিন নির্যাতন,হামলা-মামলা মোকাবিলা করে তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকেছেন। আলী নেওয়াজ আরও বলেন,কুমারখালী উপজেলায় প্রায় দুই লাখ ৯৮ হাজার ভোটার,খোকসায় এক লাখ ১৫ হাজার।
কুমারখালীর জনগণের ভোট বেশি হলেও প্রতিবারই খোকসা উপজেলা থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এবারও একই ভুল হলে বিএনপির পরাজয় অনিবার্য। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোমেনুল হক পলাশ,জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম,নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কুমারখালী ও খোকসা উপজেলার শতাধিক নেতা-কর্মী। বক্তারা বলেন,শহীদ জিয়া অমর হোক,বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এই আদর্শে বিশ্বাসী তৃণমূল বিএনপি চায় মাঠের জনপ্রিয় নেতা আনছার প্রামানিককে পুনরায় প্রার্থী করা হোক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কে এম আলম টমে বলেন,এটি নিয়মিত কর্মসূচির অংশ।
দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কুমারখালীর হলবাজার,গণমোড়,থানামোড় ও স্টেশনবাজার এলাকা প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বরে গিয়ে সড়ক অবরোধ করে। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আয়োজনে ছিল কুমারখালী-খোকসা তৃণমূল বিএনপি।