২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের শেষবারের মতো প্রীতি ম্যাচে মাঠে নামছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে।
সবশেষ অক্টোবরের ফিফা উইন্ডোতে যুক্তরাষ্ট্র সফরে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারানোর পর পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আ্যঙ্গোলা ম্যাচ খেলতে স্পেনে প্রস্তুতি ক্যাম্প করে মেসিরা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে দলের ওপেন ট্রেনিং দেখতে উপস্থিত ছিলেন ২০ হাজারের বেশি দর্শক। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন আ্যঙ্গোলার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি। তবে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তারা। এই ম্যাচের জন্য নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ডাকেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তাকে বিশ্রামে রেখে অন্য গোলরক্ষকদের সুযোগ দিতে চান তিনি।
হাঁটুর চোটে ভুগছেন এনজো ফার্নান্দেজ, তাকেও বিশ্রামে রাখা হয়েছে। জুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমিওনে—এই তিনজন অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য বাধ্যতামূলক ইয়েলো ফিভার টিকা না নেওয়ায় দলে নেই। অন্যদিকে স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, মাক্সিমো পেরোনে এবং দলে ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো।
এ ছাড়া আর্জেন্টিনাী ঘরোয়া লিগের খেলোয়াড়দের ডাকেননি স্ক্যালোনি। দেশের লিগে প্লে-অফ ও আন্তর্জাতিক কাপের টিকিট নির্ধারণের সপ্তাহ হওয়ায় তিনি স্থানীয় তারকাদের ক্লাব থেকে সরিয়ে নিতে চাননি। আজকের ম্যাচে আর্জেন্টিনা নতুন বিশ্বকাপ জার্সিটিও মাঠে ব্যবহার করবে। কয়েক দিন আগে যেটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিশ্চিত হলেও বাছাইপর্ব থেকে ছিটকে গেছে অ্যাঙ্গোলা। বাড়তি কোটা থাকার পরও এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা। শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :
জেরোনিমো রুলি, হুয়ান ফোইথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো বা নিকোলাস পাজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদা।