২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) হতে পারে এবং ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হতে পারে বলে জানিয়েছে বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
সংস্থার সভাপতি ইবরাহিম আল-জারওয়ান জানান, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি। কিন্তু ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে এটি খালি চোখে আর দেখা যাবে না। তাই ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে ১৯ ফেব্রুয়ারি হবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও এক দিন।
এদিকে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে। প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ১৮ মার্চ (বুধবার) রমজান মাস শেষ হবে। ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।