ভোট কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন এক প্রার্থী। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষমেষ ভোটের যুদ্ধে পরাজিত হয়েছেন। এরপরই ঘটালেন অদ্ভুত কাণ্ড! ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অবৈধভাবে দেওয়া টাকা ফেরত চাইতে শুরু করেছেন। রীতিমতো তালিকা নিয়ে বের হয়েছেন পরাজিত ওই প্রার্থীর স্ত্রী। এ ঘটনায় তোলপাড় পড়েছে নেটদুনিয়ায়। বইছে সমালোচনার ঝড়। ঘটনাটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের।
জানা যায়, সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী জাদি তিরুপতি। মাত্র ১৬ ভোটের ব্যবধানে নির্বাচনে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।
অভিযোগ উঠেছে, ফল ঘোষণার পর গভীর হতাশায় পড়েন তিরুপতি ও তার পরিবারের সদস্যরা। যেসব ভোটার টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত চাইছেন তিনি।