আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ আছে। তবে চুক্তি না হলে তিনি তেলের নিয়ন্ত্রণ নেওয়া এবং হামলার বিকল্প ভাবছেন।
এর আগে ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন। হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটিতে ‘ভারী বোমাবর্ষণ’ চালানো হবে। ফক্স নিউজকে তিনি বলেন, “তারা এখন আলোচনা করছে। যদি দ্রুত চুক্তি না আসে, আমি সবকিছু উড়িয়ে দেওয়া এবং তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভাবছি।”
ট্রাম্পের পোস্টের জবাবে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের জেনারেল আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, এসব হুমকি ‘অসহায়, স্নায়বিক ও মূর্খতাপূর্ণ’। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের জন্যই নরকের দুয়ার খুলে যাবে।”
এদিকে রোববার দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে মার্কিন ও ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিমান হামলায় শহীদ (কাসেম) সোলাইমানি আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।