আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী কখনোই আগের মতো উন্মুক্ত থাকবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে বলে রোববার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তারা ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার জন্য সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তারা হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ জোরদার করবে।
এর আগে, ইরানের পার্লামেন্টে একটি খসড়া আইন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এতে হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি আরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরকারী দেশগুলোর প্রবেশাধিকার সীমিত করার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবনায় বিদেশি জাহাজদের ইরানের নিজস্ব মুদ্রায় ফি পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে।
এই অবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুমকি দিয়েছেন, যদি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করা হয়, তাহলে মঙ্গলবার ইরানের ওপর “সম্পূর্ণ ধ্বংস” অভিযান চালানো হবে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারের তেলমূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।