আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):
পাবনার চাটমোহরে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রলির নিচে চাপা পড়ে ১৪ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি পাবনার ফৈলজানা সাপডাঙ্গা এলাকার বাসিন্দা। সে বেড়াতে এসেছিল তার নানা বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি সাইকেল নিয়ে বাজার এলাকায় ঘুরছিল। এ সময় একটি ইটবোঝাই ট্রলিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। ট্রলিটি পাশ দিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে উল্টে গেলে ট্রলির চাকায় পিষ্ট হয় রনি।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।