মোঃ ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষে নানা কর্মসূচির পাশাপাশি আনন্দঘন পরিবেশে “আনন্দ সংঘ” আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা, সাবেক কাউন্সিলর জসীম উদ্দিন সুমেন, সাবেক মহিলা কাউন্সিলর কাকলি, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, সাংবাদিক সাকির আমীন, মুশাহিদ আলী, অজিত কুমার দাশ, সাজ্জাদ মনির, ফজল উদ্দিন ও দিলোয়ার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এরপর আনুষ্ঠানিকভাবে “আনন্দ সংঘ” আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প, খেলনা ও খাবারের স্টল বসানো হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে ছাতকজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ বৈশাখের আনন্দে মেতে উঠেছেন।