মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা ও লোকজ ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের বর্ণিল পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও নানা শিল্পকর্ম শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ যোগ করে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন।
উৎসবমুখর এ আয়োজনের মাধ্যমে বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।