নিজস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) স্থাপনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ২১তম ‘মৌচোষা’ বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। এ সময় দিনাজপুর সেক্টরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি প্রতিকূল পরিস্থিতিতেও ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে অবৈধ কার্যক্রম চালিয়ে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেল পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে নতুন এই ‘মৌচোষা’ বিওপি স্থাপন করা হয়েছে।
নবনির্মিত এই বিওপি চালু হওয়ায় প্রায় ৯৯ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সীমান্ত এলাকায় আস্থা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।