তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে টস হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগের কথা। শরীফুল ইসলাম জানতেন, তিনি আজকের একাদশে নেই। কিন্তু হুট করেই মুস্তাফিজুর রহমানের ডান হাঁটুতে অস্বস্তি লাগায় ভাগ্য খুলে যায় শরীফুলের।
নাটকীয়ভাবে একাদশে সুযোগ পেয়ে সেটাকে কেবল কাজে লাগালেন না, বরং হয়ে উঠলেন দলের সেরা বোলার। ১৬ মাস পর ওয়ানডেতে ফিরে ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার।
তবে ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর সমীকরণ। প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডে এখন বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ।
আজ রোবাবার (১৯ এপ্রিল) মিরপুরে সংবাদ সম্মেলনে আসা শরীফুলের কণ্ঠেও শোনা গেল সেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।
প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে শরীফুল বলেন, এখনো আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আছে। একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল, তবে আমরাও কম নই। পরের ম্যাচেই ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াব। দ্বিতীয় ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের সামনে এখন বড় প্রশ্ন—কে খেলবেন? মুস্তাফিজুর রহমান এখন পুরোপুরি ফিট। অন্যদিকে, তার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন শরীফুল।
মুস্তাফিজ ফিরলে কি শরীফুলকে জায়গা ছাড়তে হবে, নাকি দুজনেই থাকবেন একাদশে? শরীফুল অবশ্য এই দায়ভার ছেড়ে দিলেন কোচের ওপর।
শরীফুল জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে স্কোয়াডে থাকা ১৫ জনই প্রস্তুত থাকি। সিদ্ধান্ত নেবেন কোচ। এটা আমার হাতে নেই। টিম ম্যানেজমেন্ট যে দল দেবে, আমরা সেটা নিয়েই মাঠে নামব।