রংপুর ব্যুরোঃ
রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেছেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া সকলের অন্যতম দায়িত্ব। বর্তমানে হাম-রুবেলা প্রার্দুভাব বাড়ছে। এই রোগ থেকে শিশুকে সুরক্ষিত রাখতে ২০শে এপ্রিল থেকে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এই টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে।
আজ সোমবার সকালে রংপুরের তাজহাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,হামমুক্ত বাংলাদেশ গড়তে সরকার ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই কর্মসূচি সফল করা সম্ভব। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত মানেই পরিবারে অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত থাকা। তাই নির্ধারিত সময়ে সন্তানদের টিকা গ্রহণের জন্য তিনি অভিভাবকদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
টিকাদান ক্যাম্পেইনে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অন্যান্য সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।