ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে যাথায়াতের রাস্তা বন্ধ হওয়ার বিরোধের জেরে চাচাত বোনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসাদ আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ইসাদ আলীর চাচাত বোন যুক্তরাজ্য প্রবাসী জবই বেগম নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করায় ৩০-৩৫টি পরিবারের দীর্যদিনের থায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে বাঁধা দেন জবই বেগমের চাচাত ভাই ইসাদ আলী- এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত পরিস্থিতিতে জবই বেগম ইসাদ আলীকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর তালা দিয়ে পালিয়েছেন।
খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল)
শেখ মুরছালিনসহ ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার শেখ মুরছালিন জানান, প্রাথমিকভাবে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানার ওসি মিজানুর রহমান তালুকদার জানিয়েছেন এ সিমানা প্রাচীর নিয়ে দ্বন্দ্ব ছিল। এঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন ও অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।