নিজস্ব প্রতিনিধিঃ
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তদন্ত সম্পন্ন করতে আরও সময়ের প্রয়োজন উল্লেখ করে ছয় মাস সময় বৃদ্ধির আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল আদালতকে জানান, তদন্ত কাজ এখন শেষ পর্যায়ে থাকলেও কিছু কার্যক্রম সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ছয় মাস সময় দেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে ২০২৫ সালের ২৩ অক্টোবর উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে ছয় মাস সময় দিয়ে হাইকোর্ট জানিয়েছিল, এটি হবে শেষ সময়সীমা। তারও আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর র্যাবের পরিবর্তে মামলার তদন্তভার উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের হাতে ন্যস্ত করার নির্দেশ দেয় আদালত।
আদালতের নির্দেশে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। এতে পুলিশ, সিআইডি ও র্যাবের অভিজ্ঞ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। গত বছরের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও এখনো হত্যার রহস্য উন্মোচন হয়নি, চিহ্নিত হয়নি প্রকৃত অপরাধীরা। নতুন টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদন ঘিরে এখনো অপেক্ষায় রয়েছে দেশবাসী ও নিহত দম্পতির পরিবার।