মোঃ আহসান হাবীব সুমন,জেলা প্রতিনিধি:
জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাবিতে জামালপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শহরের পিটিআই গেইটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সামাজিক উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এইচ মজনু মোল্লা, চেয়ারম্যান, কম্বাইন হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, জামালপুর জেলা শাখা। সভাটি সঞ্চালনা করেন এসপিকের প্রধান নির্বাহী এনামুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি।
বক্তারা আরও জানান, সরকারসহ সংশ্লিষ্ট সকল মহলকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।