স্পোর্টস ডেস্কঃ
বিশ্বকাপ ম্যাচ উপভোগের উচ্চ ব্যয় নিয়ে সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দর্শকদের জন্য বিনামূল্যে ফ্যান জোন চালুর ঘোষণা দিয়েছে আয়োজক ও শহর কর্তৃপক্ষ।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আয়োজক শহরগুলোর অন্যতম নিউইয়র্কে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে ফাইনালসহ মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে।
সম্প্রতি জানা যায়, স্টেডিয়ামে যাতায়াতের জন্য ট্রেনের রিটার্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ ডলার, যেখানে সাধারণ সময়ে এই ভাড়া মাত্র ১২.৯০ ডলার। এতে ভক্তদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।
এই পরিস্থিতিতে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘোষণা দেন, শহরের পাঁচটি স্থানে বিনামূল্যে ফ্যান জোন তৈরি করা হবে। এসব স্থানে দর্শকরা বড় পর্দায় সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন, পাশাপাশি স্থানীয় খাবার ও সাংস্কৃতিক আয়োজনের সুযোগও থাকবে।
তিনি বলেন, “প্রথমে এসব আয়োজন বিনামূল্যে করার পরিকল্পনা ছিল না। কিন্তু বিশ্বকাপ সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত। তাই আমরা চাই ভক্তরা একসঙ্গে, কোনো খরচ ছাড়াই খেলা উপভোগ করুক।”
অন্যদিকে নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামের বিশাল দর্শকসংখ্যা সামলাতে অতিরিক্ত পরিবহন ব্যবস্থার কারণে প্রায় ৫০ মিলিয়ন ডলার ব্যয় হবে, যার জন্যই ভাড়া বাড়ানো হয়েছে।
মেয়র মামদানি অভিযোগ করে বলেন, ফিফার প্রায় ১১ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা থাকলেও পরিবহন ব্যয়ের বড় অংশ স্থানীয় কর্তৃপক্ষকে বহন করতে হচ্ছে।
এদিকে নিউ জার্সির নতুন গভর্নর মিকি শেরিল ফিফাকে আহ্বান জানান স্টেডিয়াম যাতায়াতের ব্যয় বহনের জন্য। তবে ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, তাদের আয়ের অর্থ সদস্য ফেডারেশন ও অন্যান্য টুর্নামেন্ট পরিচালনায় ব্যয় হয়।
এছাড়া পূর্ববর্তী চুক্তি অনুযায়ী স্টেডিয়ামে পার্কিং ব্যবস্থা বাতিল করা হয়েছে, ফলে এবার স্বাভাবিকের তুলনায় চারগুণ বেশি দর্শককে ট্রেনে পরিবহন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে অতিরিক্ত টিকিটমূল্য ও ব্যয়বৃদ্ধি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।