ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক :
কিশোরগঞ্জের ভৈরবে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের ১ দফা দাবিতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়। স্মারকলিপিটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়েছে বলে জানা যায়।

মানববন্ধনে উপস্থিত থেকে উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের পক্ষে প্রধান সমন্বায়ক মো. শাহীন আহমেদ ভূইয়া সহ-সমন্বয়ক মো. সবুজ খান, সাদিয়া সুলতানা, হোসেন, রাশেদুল হক, তারেক মিয়া, মাসুম মিয়া, সুমন খান, কিরণ মিয়া ও ফারহানা আক্তার লিপি বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পায় ১১ হাজার টাকা। সকল সুবিধা যুক্ত হলেও বেতন পায় ১৭ হাজার টাকা। এই টাকায় পরিবার নিয়ে চল খুবই কষ্টকর হয়ে যায়। মাসিক এ বেতনভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। সহকারী শিক্ষকদের বেতন যদি ১০ম গ্রেডে যুক্ত হয় তাহলে পরিবার নিয়ে চলা যাবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতনভাতায় বৈষম্য চান না শিক্ষকরা।
বক্তার আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) সমমান হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের ন্যায়সংগত দাবি বাস্তবায়নে বৈষম্যবিহীন অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কাছে দাবি জানান বক্তারা।