ইসরায়েল নিজেদের দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেয়ার জন্য নতুন করে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার (৫ অক্টোবর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরায়েল বলছে, সেটি কেবলমাত্র একটি অজুহাত। তারা প্রতিদিনই নিজেদের দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির পক্ষে নতুন নতুন অজুহাত তৈরি করে চলেছে।
তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখবে। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরায়েলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।
পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এরদোগান বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে। কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। তারা ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে, তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত। কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদকে রক্ষা করে চলেছে তারা।