মিলাদ হোসেন অপু :
কিশোরগঞ্জের ভৈরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় বিএনপির দুই নেতার করা মামলায় মর্তুজা আলম মহসিন(৫০)কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ২৩ অক্টোবর বিকালে পৌর শহরের লক্ষ্মীপুর তাতারকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত ধন মিয়ার ছেলে। আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ।
এ বিষয়ে এএসপি মো. শহিদুল্লাহ বলেন, গত ১৯ জুলাই মর্তুজা আলম মহসিনসহ অন্যান্য আসামীরা বেআইনি ভাবে জনতাবদ্ধে হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের উপর হামলা করে। এ ঘটনায় আলম সরকার ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামুন মিয়া ভৈরব থানায় মামলা দায়ের করেছেন৷ গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে শহরের তাতারকান্দি থেকে মর্তুজা আলম মহসিনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় মহসিন জড়িত ছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আটকের পর মহসিনকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।